ডোমারে তীব্র লোডশেডিংয়ের সঙ্গে ভূতুড়ে বিল, জনজীবন বিপর্যস্ত

প্রকাশ: সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ণ
ডোমারে তীব্র লোডশেডিংয়ের সঙ্গে ভূতুড়ে বিল, জনজীবন বিপর্যস্ত

মোঃ মকবুলার রহমান, ডোমার (নীলফামারী): নীলফামারীর ডোমার উপজেলায় দীর্ঘদিন ধরে ব্যাপক লোডশেডিংয়ে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। দিনে-রাতে ঘন ঘন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এর মধ্যেই স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ বা তারও বেশি বিদ্যুৎ বিল আসার অভিযোগে গ্রাহকদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে, যাকে তাঁরা ‘ভূতুড়ে বিল’ আখ্যা দিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, বারবার বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য ও শিক্ষাকার্যক্রম। বিশেষ করে ফ্রিজনির্ভর দোকান, সেলুন, ওয়ার্কশপ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। শিক্ষার্থীরা জানান, বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। বিপাকে পড়েছেন চিকিৎসাধীন ও বয়স্ক রোগীরাও।

এদিকে, সাম্প্রতিক মাসের বিদ্যুৎ বিল হাতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকেরা। তাঁদের দাবি, দিনের বড় একটা সময় বিদ্যুৎ না থাকলে বিল কম আসার কথা। কিন্তু মিটার রিডিং বা হিসাব প্রণয়নে অনিয়মের কারণে বিল এসেছে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো আর্থিকভাবে চাপে পড়েছে। বিল সংশোধনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে গিয়েও কোনো কাঙ্ক্ষিত সমাধান পাচ্ছেন না ভুক্তভোগীরা।

স্থানীয় সচেতন নাগরিকরা দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি অভিযোগ ওঠা বিলগুলো পুনরায় যাচাইয়ের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ডোমার বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে ক্ষুব্ধ গ্রাহকরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দ্রুত লোডশেডিং নিয়ন্ত্রণ এবং ভূতুড়ে বিল তদন্ত করে সমাধান করা না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন