সুনামগঞ্জে নৌকাডুবি: নিখোঁজ চারজনের লাশ উদ্ধার
এনামুল কবির মুন্না (সুনামগঞ্জ): সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনেরই লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর টানা দুই দিনে হাওরের বিভিন্ন স্থান থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের সহায়তায় লাশগুলো উদ্ধার করা হয়।
রোববার (২ আগস্ট) সকালে উপজেলার মইয়ার হাওরের রোয়ারকারা এলাকায় সর্বশেষ নিখোঁজ দুজনের ভাসমান লাশ দেখতে পেয়ে উদ্ধার করেন স্থানীয়রা।
নিহতরা হলেন— জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত জগিন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেবনাথ (৩৭), একই এলাকার মৃত অনিল দেবনাথের ছেলে অধীর দেবনাথ (৩৫), মৃত সুবল দেবনাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী (৬৫) এবং মৃত অনিল দেবনাথের ছেলে অরুণ দেবনাথ (৪৫)।
এর আগে, শনিবার দিনব্যাপী সুনামগঞ্জ ও সিলেট ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল হাওরে অনুসন্ধান চালিয়ে সত্যেন্দ্র নাথ ও অরুণ দেবনাথের লাশ উদ্ধার করেছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত আটটার দিকে পূর্ব ভবানীপুর এলাকা থেকে ৯ জন বাসিন্দা নৌকাযোগে পার্শ্ববর্তী ভরাউট গ্রামে একটি হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে রাত সাড়ে তিনটার দিকে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বালুচর নামক স্থানে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ৯ জনের মধ্যে ৫ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি ৪ জন নিখোঁজ হন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "নিখোঁজ চারজনেরই লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশগুলো ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"
এআইএল/সকালবেলা
|