কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু
নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ তানভীর (১৫) নামের এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে কালিয়া পৌর এলাকার বেন্দা গ্রামে একটি চায়ের দোকানে বিদ্যুৎস্পৃষ্টের এই দুর্ঘটনাটি ঘটে। নিহত তানভীর বেন্দা গ্রামের মো. আজগার শেখের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাবাকে দোকানে সহায়তা করার সময় ইলেকট্রিক কেটলিতে চা বানাতে যায় তানভীর। এ সময় কেটলিতে সমস্যা দেখা দিলে সে নিজেই তা মেরামত করার চেষ্টা করে। এতে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এআইএল/সকালবেলা
|