বরিশালের সদ্য নিয়োগপ্রাপ্ত সিভিল সার্জন বদলি

প্রকাশ: রবিবার, ০২ আগস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ণ
বরিশালের সদ্য নিয়োগপ্রাপ্ত সিভিল সার্জন বদলি

সাঈদ পান্থ (বরিশাল): বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে পদায়নের মাত্র কয়েক দিনের মাথায় এবং ছাত্র আন্দোলনের মুখে সদ্য নিয়োগ পাওয়া সিভিল সার্জন ডা. মো. মনিরুজ্জামানকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়।

রোববার (২ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামানকে (চলতি দায়িত্ব) পরবর্তী পদায়নের জন্য ওএসডি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে আগামী ৩ আগস্টের মধ্যে তাঁকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে; অন্যথায় তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হবেন বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ২৪ জুলাই ডা. মনিরুজ্জামান বরিশাল সিভিল সার্জন হিসেবে যোগদান করেন। পদায়নের পরপরই তাঁকে দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে তীব্র আন্দোলন শুরু করে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। একপর্যায়ে ক্ষুব্ধ ছাত্ররা তাঁর কার্যালয়ের কক্ষে তালা ঝুলিয়ে দেয় এবং অবস্থান কর্মসূচি পালন করে।

শিক্ষার্থীদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার সিভিল সার্জন কার্যালয়ে 'কমপ্লিট শাটডাউন' পালনের কথা ছিল। তবে তাঁর বদলির খবর ছড়িয়ে পড়ার পর আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন