কক্সবাজার-টেকনাফ মহাসড়কে ডাকাতির চেষ্টা, গুলিবিদ্ধ ১
ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার: কক্সবাজার-টেকনাফ মহাসড়কের ১৪ নম্বর ব্রিজ এলাকায় দিনদুপুরে ডাকাতির চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একদল সশস্ত্র মুখোশধারী দুর্বৃত্ত পাহাড় থেকে নেমে এসে মহাসড়কের ওপর গাছ ফেলে এবং সড়কে পেরেক ছিটিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এরপর তারা যাত্রীবাহী ও বাণিজ্যিক যানবাহনে ডাকাতির চেষ্টা চালায়।
ডাকাতি চলাকালে দুর্বৃত্তদের গুলিতে এক পথচারী আহত হন। পরে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী মুখোশধারীরা দ্রুত পাহাড়ের দিকে পালিয়ে যায়। দিনদুপুরে এমন ব্যস্ত মহাসড়কে ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দা ও চালকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অবিলম্বে এই সড়কে নিরাপত্তা জোরদার এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, "ডাকাতির চেষ্টার খবর পাওয়ামাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।"
এআইএল/সকালবেলা
|