মাদারীপুরে বাসের ধাক্কায় বাইকচালক নিহত
নাজমুল হাসান (মাদারীপুর): মাদারীপুরের ডাসার উপজেলায় দ্রুতগামী যাত্রীবাহী বাসের সজোরে ধাক্কায় আশিক আকন (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তার সঙ্গী রমজান বেপারী নামের অপর এক তরুণ আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে ডাসার উপজেলার ধুলগ্রাম বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর জেলা সদর থেকে কাজ শেষ করে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির দিকে ফিরছিলেন আশিক ও রমজান। পথে ধুলগ্রাম বাজার এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা 'চন্দ্রা পরিবহন'-এর একটি দ্রুতগতির বাস তাদের মোটরসাইকেলটিকে সরাসরি সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা দুইজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিক আকন মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেন। অন্যদিকে রমজান বেপারীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত আশিক আকন ডাসার উপজেলার ধুলগ্রামের জালাল আকনের ছেলে এবং আহত রমজান একই উপজেলার বালিগ্রাম এলাকার সোহেল বেপারীর ছেলে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান মাহমুদ জানান, ঘটনার পরপরই ঘাতক বাসটি পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বাসটি শনাক্তে পুলিশ চেষ্টা চালাচ্ছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এআইএল/সকালবেলা
|