এনসিপির মামলায় ছাত্রদল সভাপতিসহ ১১ জনের জামিন

প্রকাশ: রবিবার, ০২ আগস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ণ
এনসিপির মামলায় ছাত্রদল সভাপতিসহ ১১ জনের জামিন

মোঃ ইউসুফ (হবিগঞ্জ): হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে নেতাকর্মীদের গাড়িবহরে হামলার অভিযোগে দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি রাজীব আহমেদ রিংগনসহ ১১ আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২ আগস্ট) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নানের আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে ফেরার পথে শহরের কোর্ট মসজিদ এলাকায় দলটির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। এতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ বেশ কয়েকজন আহত হন। পাশাপাশি হামলায় স্থানীয় এনসিপি কর্মী আলিফের একটি চোখ নষ্ট হয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

উক্ত ঘটনার পর হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদী হয়ে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি রাজীব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।

রোববার ওই মামলার নামীয় ১১ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক শুনানি শেষে তাদের জামিন অনুমোদন করেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন