হাডুডু খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১৫

প্রকাশ: রবিবার, ০২ আগস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ণ
হাডুডু খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১৫

সামজাদ জসি (সিনিয়র স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঐতিহ্যবাহী হাডুডু (কাবাডি) খেলার হার-জিতকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) মাগরিবের নামাজের ঠিক আগ মুহূর্তে উপজেলার চাপড়তলা ইউনিয়নের খান্দুরা সালাম বাজার সংলগ্ন খেলার মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে খান্দুরা সালাম বাজার সংলগ্ন মাঠে নাসিরনগর উপজেলার ধরমন্ডল কাবাডি দল এবং পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামের কাবাডি দলের মধ্যে এক প্রীতি হাডুডু খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময় শেষে ধরমন্ডল দল ৪-০ পয়েন্টে শিমুলঘর দলকে পরাজিত করে।

খেলার ফল মেনে নিতে না পেরে পরাজিত শিমুলঘর দলের খেলোয়াড় ও সমর্থকেরা বিজয়ী ধরমন্ডল দলের এক খেলোয়াড়কে আটকে রাখার চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে তারা মাঠে প্রবেশ করে বিজয়ী দলের দুই সদস্যের ওপর হামলা চালায়। এই খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাঠে নেমে আসে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়।

একপর্যায়ে মাঠটি রণক্ষেত্রে রূপ নেয় এবং এতে অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুনরায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন