গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত

প্রকাশ: শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ণ
গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বিমান হামলায় ধসে পড়া গাজার আবাসিক ভবনের ধ্বংসস্তূপ। (ছবি: ফাইল ছবি)

অনলাইন ডেস্ক: গাজা উপত্যকাজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর তাণ্ডব থামছেই না। শুক্রবার (৩১ জুলাই) দিনভর গাজার মধ্য, দক্ষিণ ও উত্তরাঞ্চলের বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকায় পরিচালিত পৃথক সামরিক ও ড্রোন হামলায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায় নারী ও শিশুসহ আহত হয়েছেন আরও বেশ কয়েক ডজন মানুষ।

তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে চিকিৎসা সূত্রের বরাত দিয়ে জানানো হয়, মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকার আবু আরিফ সড়কে ইসরায়েলি ড্রোন হামলায় ৩৩ বছর বয়সী মাহমুদ মোহাম্মদ ফাতায়ের নামে এক যুবক নিহত হন। এছাড়া সালাহ আল-দিন সড়কে অপর এক হামলায় নিহত হন ৩৮ বছর বয়সী মোহাম্মদ আবদেল নাসের আল-খাতিব। স্থানীয় শুহাদা আল-আকসা হাসপাতাল কর্তৃপক্ষ এই দুই মৃত্যুর বিষয় নিশ্চিত করেছে।

একই এলাকার আবাসিক বহুতল ভবনে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা থেকে স্থান খালি করার ফোনে সতর্কবার্তা দেওয়ার পরপরই আল-হাওয়াজরি পরিবারের একটি ভবনে ভয়াবহ বিমান হামলা চালানো হয়। বিমান হামলায় পুরো ভবনটি ধ্বংস হয়ে যায় এবং অন্তত ১০ জন আহত হন।

এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমের আল-মাসলাহ এলাকা ও উত্তর গাজা সিটির আল-সাফতাউই এলাকায় সরাসরি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো ড্রোন ও কোয়াডকপ্টারের গুলিতে বহু মানুষ গুরুতর জখম হন। উত্তর-পশ্চিমাঞ্চলে ভোরে ড্রোন হামলায় এক নারী ও শিশুও আহত হয়েছেন।

যুদ্ধবিরতির মধ্যেও অনবরত আক্রমণ

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চুক্তির ঘোষণা করে জানান—গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এবং এর বিনিময়ে ইসরায়েলি সেনাদের পর্যায়ক্রমে প্রত্যাহারের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে। কিন্তু এই চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও মাঠপর্যায়ে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা অব্যাহত রয়েছে।

আনাদোলুর সংগৃহীত তথ্য মতে, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেও ইসরায়েলি বাহিনীর হামলায় ১ হাজার ২০৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং ৩ হাজার ৯৪৩ জনেরও বেশি আহত হয়েছেন, যাদের সিংহভাগই নারী ও শিশু।

উল্লেখ্য, গত ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলের এই রক্তক্ষয়ী সামরিক অভিযানে এ পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। একই সাথে পুরো গাজা উপত্যকার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো একেবারে মাটির সাথে মিশিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন