আগামী ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

প্রকাশ: শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ণ
আগামী ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর
নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। (ছবি: ফাইল ছবি)

অনলাইন ডেস্ক: ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের গৌরবময় বীরত্বগাথা, আত্মত্যাগ এবং চিত্র দলিল সংরক্ষণ ও নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আগামী ৫ আগস্ট (বুধবার) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

ওই দিন সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঐতিহাসিক স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন।

আজ শনিবার (১ আগস্ট) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রত্নতত্ত্ব ও জাদুঘর শাখা) দীপংকর বিশ্বাস গণমাধ্যমকে এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।

জানা গেছে, জাদুঘর উদ্বোধনের সুনির্দিষ্ট তারিখ ও সময় নিশ্চিত করার লক্ষ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতি চেয়ে একটি সারসংক্ষেপ ও প্রস্তাব পাঠানো হয়েছিল। সম্প্রতি প্রধানমন্ত্রী ৫ আগস্ট সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি ও সময় জ্ঞাপন করেন।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই জাদুঘরটি সাধারণ দর্শনার্থী, শিক্ষার্থী ও গবেষকদের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

নবনির্মিত এই বিশেষায়িত জাদুঘরে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের দুর্লভ ও ঐতিহাসিক নানা আলোকচিত্র, ভিডিও ফুটেজ, সরকারি-বেসরকারি দলিল-দস্তাবেজ, আন্দোলনকারী ও শহীদদের ব্যবহৃত বস্তু বা স্মৃতিচিহ্ন এবং প্রত্যক্ষদর্শীদের গুরুত্বপূর্ণ সাক্ষ্য অত্যন্ত সুনিপুণভাবে সংরক্ষণ করা হয়েছে।

এ ছাড়া সাধারণ দর্শনার্থী, ইতিহাস-অনুরাগী ও দেশি-বিদেশি গবেষকদের সুবিধার্থে গাইডেড ট্যুর, বিশেষ প্রদর্শনী কর্মসূচি এবং ঘরে বসেই অনলাইনে দ্রুত টিকিট সংগ্রহের আধুনিক ডিজিটাল সুবিধাও রাখা হচ্ছে বলে সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে।

মন্তব্য করুন