প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর আজ শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শনিবার (১ আগস্ট) সকাল ৯টার পর রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই দ্বিপক্ষীয় সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের পারস্পরিক উন্নয়ন, বাণিজ্যিক সহযোগিতা এবং ভূ-রাজনৈতিক নানা স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ করে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই সমাধান, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা এবং এ বিষয়ে বাংলাদেশের সুস্পষ্ট অবস্থান ও প্রত্যাশার কথা তুলে ধরা হয়।
উল্লেখ্য, তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় এসে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বিশেষ দূত। সফরের প্রথম দিনেই তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক করেন। এরপর গতকাল শুক্রবার তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প সরেজমিনে পরিদর্শন করেন এবং সেখানে আন্তর্জাতিক বিভিন্ন সহায়ক সংস্থার প্রতিনিধিদের সাথে আলোচনা করেন।
পররাষ্ট্রমন্ত্রীর সাথে সফল বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করে সার্জিও গোর লেখেন, “প্রথম বাংলাদেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করা এবং দুই দেশের মেলবন্ধন জোরদারে একসাথে কাজ করার বিষয়ে আলোচনা করা চমৎকার অভিজ্ঞতা ছিল। এখানে অনেক ইতিবাচক অগ্রগতি সাধিত হচ্ছে।”
একই সাথে বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মার্কিন নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণের সতর্কতা বা অ্যাডভাইজরি শিথিল করার একটি বড় সুখবরও দেন তিনি। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পর্যালোচনার কথা উল্লেখ করে অন্য এক বার্তায় তিনি জানান, মাঠপর্যায়ের স্থিতিশীল ও নিরাপদ পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশকে ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকি স্তর ‘লেভেল ৩’ থেকে কমিয়ে ‘লেভেল ২’-এ নামিয়ে এনেছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক মহল মনে করছে, এই বার্তা উভয় দেশের বাণিজ্যিক ও পর্যটন খাতে বেশ সুদূরপ্রসারী ইতিবাচক ভূমিকা রাখবে।
|