আন্তর্জাতিক ফিকহী সেমিনারে যোগ দিতে নিউইয়র্ক থেকে জেদ্দা পৌঁছেছেন মুফতি মিজানুর রহমান সাঈদ

প্রকাশ: রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ণ
আন্তর্জাতিক ফিকহী সেমিনারে যোগ দিতে নিউইয়র্ক থেকে জেদ্দা পৌঁছেছেন মুফতি মিজানুর রহমান সাঈদ

আমিরুল ইসলাম লুকমান, সকালবেলা অনলাইন: সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ফিকহী সেমিনারে যোগ দিতে জেদ্দা পৌঁছেছেন বাংলাদেশের অন্যতম শীর্ষ আলেম ও ফকিহ মুফতি মিজানুর রহমান সাঈদ। তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক ফিকহ একাডেমির বাংলাদেশ প্রতিনিধি ও রাজধানীর উত্তরা বিমানবন্দর এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী উচ্চতর ইসলামি গবেষণা প্রতিষ্ঠান 'শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের' প্রতিষ্ঠাতা পরিচালক।

গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে সরাসরি সৌদি আরবের জেদ্দায় পৌঁছান। অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) অঙ্গপ্রতিষ্ঠান 'ইন্টারন্যাশনাল ইসলামিক ফিকহ একাডেমি'-এর উদ্যোগে ওআইসির সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। 'নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকা' শীর্ষক এ আন্তর্জাতিক সেমিনারে আরব বিশ্বসহ সমগ্র মুসলিম বিশ্বের জ্যেষ্ঠ মুফতি, ফকিহ ও খ্যাতনামা ইসলামি স্কলাররা অংশ নিচ্ছেন।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে সেমিনারের মূল ফিকহী অধিবেশন শুরু হয়েছে।

এআইএল/সকালবেলা