রামিসার অসুস্থ মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. রফিক

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ণ
রামিসার অসুস্থ মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. রফিক

নিজস্ব প্রতিবেদক: ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া শিশু রামিসার মৃত্যুশোক এখনো কাটিয়ে উঠতে পারেননি তাঁর মা। একমাত্র সন্তানের এমন অকাল ও পৈশাচিক বিদায়ের পর থেকেই তিনি গভীর মানসিকভাবে ভেঙে পড়েছেন। সন্তান হারানোর এই তীব্র ট্রমার পাশাপাশি দীর্ঘদিন ধরে বুকে ব্যথা, নিউরোলজিক্যাল সমস্যা (ভার্টিগো) ও পরিপাকতন্ত্রের জটিলতায় তাঁর শারীরিক অবস্থা আরও দুর্বিষহ হয়ে উঠেছে।

রামিসার মায়ের এই চরম অসহায়ত্বের কথা জানতে পেরে তাৎক্ষণিকভাবে পাশে দাঁড়িয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। তাঁর বিশেষ মানবিক উদ্যোগে আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে ভুক্তভোগী মাকে রাজধানীর একটি বিশেষায়িত মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম জানান, রোগীর একাধিক জটিলতা থাকায় তাঁর সুচিকিৎসায় একটি সমন্বিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হচ্ছে। এই বোর্ডে মানসিক রোগ বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, নিউরোলজিস্ট এবং পরিপাকতন্ত্র বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত থাকবেন। মেডিকেল বোর্ডের সামগ্রিক পরামর্শ ও তত্ত্বাবধানেই তাঁর পরবর্তী চিকিৎসাসেবা পরিচালনা করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, আদরের সন্তানের আকস্মিক মৃত্যু-পরবর্তী গভীর শোক ও মানসিক আঘাতের (পোস্ট-ট্রমাটিক স্ট্রেস) কারণেই তাঁর শারীরিক উপসর্গগুলো আরও বেশি জটিল রূপ ধারণ করেছে। ইতিমধ্যে মানসিক রোগ বিশেষজ্ঞ ও সাইকোলজিস্টের সমন্বয়ে তাঁর বিশেষ কাউন্সেলিং এবং প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে শরীরের অভ্যন্তরীণ সার্বিক পরিস্থিতি নিশ্চিত হতে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে। বিস্তারিত রিপোর্ট হাতে পাওয়ার পরই পূর্ণাঙ্গ চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে। এই উন্নত ও সমন্বিত চিকিৎসাব্যবস্থার মাধ্যমে তিনি দ্রুত শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন তাঁর পরিবার ও সংশ্লিষ্টরা।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন