ঢাবির বিজয় একাত্তর হলের শিক্ষার্থী বহিষ্কার ও সিট বাতিল

প্রকাশ: শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
ঢাবির বিজয় একাত্তর হলের শিক্ষার্থী বহিষ্কার ও সিট বাতিল
ঢাবির বিজয় একাত্তর হলে ছাত্রকে মারধর: মাহফুজ বহিষ্কৃত, আবাসিক সিট বাতিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে এক জুনিয়র শিক্ষার্থীকে মারধর ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে আব্দুল্লাহ আল মাহফুজ নামে এক শিক্ষার্থীকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার করেছে হল প্রশাসন। একই সঙ্গে হলের যমুনা ব্লকে তাঁর জন্য বরাদ্দকৃত আবাসিক আসনটিও স্থায়ীভাবে বাতিল ঘোষণা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. এস এম আলী রেজা স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক প্রজ্ঞাপন ও আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

অভিযুক্ত শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহফুজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থী।

হল প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ জুলাই দিবাগত রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে হলের যমুনা ব্লকের অতিথিকক্ষ-সংলগ্ন ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন আবাসিক শিক্ষার্থী আহমেদ শাহরিয়ার নীড়ের সঙ্গে মাহফুজের অনাকাঙ্ক্ষিত তর্কাতর্কি ও বিশৃঙ্খলা ঘটে।

ঘটনার বিশদ বিবরণী থেকে জানা যায়, বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা চলাকালে ওয়াশরুম ব্যবহার নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মাহফুজ জুনিয়র ছাত্র নীড়কে শারীরিক লাঞ্ছনা ও মারধর করেন। পরে তাকে জোরপূর্বক নিজের কক্ষে টেনে নিয়ে যাওয়ারও চেষ্টা চালান বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের পক্ষ থেকে হল প্রাধ্যক্ষ বরোবরে লিখিত অভিযোগ দেওয়া হলে প্রশাসন তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত কমিটির পূর্ণাঙ্গ অনুসন্ধানে ঘটনার সাথে মাহফুজের সরাসরি সম্পৃক্ততা ও অপরাধের সত্যতা প্রমাণিত হয়। নোটিশে উল্লেখ করা হয়, তাঁর এই অসংবেদনশীল ও সহিংস কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয় এবং হলের সার্বিক আইন-শৃঙ্খলার পরিপন্থি।

মন্তব্য করুন