নিজ বাসায় ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ: শনিবার, ০১ আগস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ণ
নিজ বাসায় ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

তাছনিম আলম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও ভূমি ব্যবস্থাপনা (ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অংকন কুন্ডু নিজ বাসায় আত্মহত্যা করেছেন। সদ্য স্নাতকোত্তর (মাস্টার্স) শেষ করা এই মেধাবী শিক্ষার্থী বিদেশি উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।

গতকাল শুক্রবার (৩১ জুলাই ২০২৬) রাত আনুমানিক সাড়ে ১০টায় রাজশাহী সদরে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন তাঁর বাবা অ্যাডভোকেট নরেন্দ্রনাথ কুণ্ডু।

নিহতের বাবা আবেগপ্লুত হয়ে বলেন, “রাত ৯টার দিকে আমরা এক সঙ্গে রাতের খাবার খেলাম। কিছুই বুঝতে পারিনি, অথচ এক ঘণ্টার ব্যবধানে সে এমন সিদ্ধান্ত নিয়ে নিল। আগামীকাল (শনিবার) বিকেল ৩টায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর জীবনের সিংহভাগ সময় বিশ্ববিদ্যালয়েই কেটেছে, কোনো মানসিক কষ্ট ছিল কি না বন্ধুরা হয়তো ভালো বলতে পারবে।”

বিভাগের সহপাঠীরা জানান, মাত্র দুদিন আগেই অংকন কুন্ডু ক্যাম্পাসে সবার সঙ্গে হাসিমুখেই সময় কাটিয়েছেন। বিভাগ থেকে বিদায় নেওয়ার পর পরই তিনি এমন চরম পথ বেছে নেবেন, তা কেউ কল্পনাও করতে পারেনি। তবে বেশ কিছুদিন ধরে তাঁকে মানসিক হতাশায় ভুগতে দেখা যাচ্ছিল বলে জানান বন্ধুরা।

বিভাগীয় সভাপতি সহকারী অধ্যাপক বিলাসী সাহা শোক প্রকাশ করে বলেন, “অংকনের পরিবার থেকে ফোন দিয়ে বিষয়টি আমাকে নিশ্চিত করা হয়েছে। সে অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী ছিল। বিদেশে উচ্চশিক্ষার বিভাগীয় সুপারিশ ও পরামর্শের জন্য সম্প্রতি আমার কাছে এসেছিল। তাঁর এই অকালমৃত্যুতে গোটা বিভাগে শোকের ছায়া নেমে এসেছে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন