বুখারী হিফয করল ৬ বছরের বিস্ময় শিশু আহমাদ

প্রকাশ: শনিবার, ০১ আগস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ণ
বুখারী হিফয করল ৬ বছরের বিস্ময় শিশু আহমাদ
ছবি: আহমাদের বাবা মাসুম বিল্লাহ বিন রেজা

আমিরুল ইসলাম লুকমান, সকালবেলা: মাত্র ৬ বছর ১ মাস ৩ দিন বয়সে 'মুখতাসার সহীহুল বুখারী' হিফয সম্পন্ন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বিস্ময় শিশু হাফেজ আহমাদ আবদুল্লাহ মাসুম। তার এই অসাধারণ সাফল্যকে পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা বৈশ্বিক প্রেক্ষাপটে এক বিরল ঘটনা হিসেবে আখ্যায়িত করছেন।

গতকাল শুক্রবার (৩১ জুলাই ২০২৬) সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মাদরাসাতু উসওয়াতি ফাতিমাহ (রা.)-এ আনুষ্ঠানিকভাবে তার এই হাদীস হিফয সম্পন্ন হয়।

সবচেয়ে অনুপ্রেরণাদায়ক বিষয় হলো, কুরআনের মতো হাদীস শিক্ষার ক্ষেত্রেও শিক্ষক ছিলেন তার রত্নগর্ভা মা। অসীম ধৈর্য, পরম মমতা ও আন্তরিকতায় তিনি সন্তানকে ২,১৭৫টি হাদীস সংবলিত পুরো গ্রন্থটি হিফয করিয়েছেন। শুধু আরবি হাদীস মুখস্থই নয়, আহমাদ পাশাপাশি প্রতিটি হাদীসের বাংলা অর্থও আয়ত্ত করেছে। সম্প্রতি হারামাইন শরীফাইন সফরের সময়ও সেখানে অবস্থানকালে সে নিয়মিত হাদীস চর্চা অব্যাহত রেখেছিল।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ১৮ জানুয়ারি মাত্র সাড়ে চার বছর বয়সে পবিত্র আল-কুরআন হিফয সম্পন্ন করে দেশ-বিদেশে ব্যাপক সাড়া ফেলেছিল এই খুদে হাফেজ। তখনও শিক্ষকের ভূমিকায় ছিলেন তাঁর মা, যিনি একাধারে একজন আলেমা ও পেশায় ফার্মাসিস্ট।

ছেলের এমন বিরল অর্জনে অনুভূতি প্রকাশ করতে গিয়ে আহমাদের বাবা, খ্যাতিমান মিডিয়া ব্যক্তিত্ব শায়খ মাসুম বিল্লাহ বিন রেজা বলেন, “মহান রবের দরবারে অশেষ শুকরিয়া। আল্লাহ তাআলা আমার সন্তানকে পবিত্র কুরআনের পর শ্রেষ্ঠ হাদীস গ্রন্থ মুখতাসার সহীহুল বুখারী হিফয করার তাওফিক দিয়েছেন। আহমাদের এই সাফল্য আমাদের জন্য যেমন আনন্দের, তেমনই এক বড় দায়িত্বের। আমরা চাই সে বিশ্বজুড়ে ইসলামের আদর্শ ও আলো ছড়িয়ে দিক। দেশবাসীর কাছে তাঁর শুভকামনা ও দোয়া প্রার্থী।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন