চাঁদা বকেয়া থাকায় দাফনে বাধা দেওয়ার অভিযোগ

প্রকাশ: শনিবার, ০১ আগস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ণ
চাঁদা বকেয়া থাকায় দাফনে বাধা দেওয়ার অভিযোগ

কাঞ্চন কুমার, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে বাৎসরিক চাঁদা বকেয়া থাকার অভিযোগে স্থানীয় গোরস্থানে মো. নাসির উদ্দিন নামের এক ব্যক্তির দাফন আটকে দেওয়ার ঘটনা ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে।

উপজেলার সদরপুর ইউনিয়নের পুরাতন আজমপুর গ্রামে গত সোমবার (২৭ জুলাই ২০২৬) ভোরে নাসির উদ্দিন মারা যান। নিহত ব্যক্তির কোনো ছেলে না থাকায় ঢাকায় থাকা তিন মেয়ে বাবার মৃত্যুর সংবাদ শুনে কুষ্টিয়ায় রওনা হন। পথেই তাঁরা জানতে পারেন, যেখানে তাঁদের দাদা ও পূর্বপুরুষদের কবর রয়েছে, সেই আজমপুর পুরাতন পাড়া গোরস্থানে বাবাকে দাফন করতে দেওয়া হচ্ছে না।

নিহতের বড় মেয়ে নাসিমা খাতুন জানান, গোরস্থান কমিটির পক্ষে প্রথমে ৩৫ থেকে ৪৫ হাজার টাকা দাবি করা হয়। পরিবার কিস্তিতে সব টাকা শোধের প্রস্তাব দিলেও পরবর্তীতে গোরস্থান কমিটির সভাপতি আবুল মাস্টার সেখানে দাফনের অনুমতি পুরোপুরি বাতিল করেন। ঘটনার পর স্থানীয় বিএনপি নেতা ও ইউপি সদস্য আশরাফুল হক আশা তাঁর নিজস্ব পারিবারিক গোরস্থানে লাশ দাফনের ব্যবস্থা করেন।

ঘটনাটি ঘিরে স্থানীয় জামায়াত নেতা আতিয়ার হাজীর ইন্ধন রয়েছে বলে গুঞ্জন ছড়ালেও তিনি অভিযোগ অস্বীকার করেছেন। অপরদিকে গোরস্থান কমিটির সভাপতি আবুল মাস্টার দাবি করেন, নাসির উদ্দিন গোরস্থানের সদস্য না থাকায় এবং সীমিত জায়গার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে; টাকা দাবির অভিযোগ সত্য নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়লে কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু জানান, জনসাধারণের গোরস্থানে এ ধরনের নিয়ম নজিরবিহীন, অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন