যুক্তরাষ্ট্রে স্থায়ী হচ্ছে ভিসা বন্ড, দিতে হতে পারে ২০ হাজার ডলার

প্রকাশ: শনিবার, ০১ আগস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে স্থায়ী হচ্ছে ভিসা বন্ড, দিতে হতে পারে ২০ হাজার ডলার
যুক্তরাষ্ট্রের ভিসাসংক্রান্ত আবেদন ও পাসপোর্ট প্রক্রিয়াকরণের প্রতীকী চিত্র। (ছবি: সংগৃহীত)

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে বি-১ (ব্যবসায়িক) ও বি-২ (পর্যটন) ক্যাটাগরির ভিসা নিয়ে প্রবেশের পর নির্ধারিত সময়ের বেশি অবস্থান (ওভারস্টে) করার প্রবণতা রুখতে বিতর্কিত ‘ভিসা বন্ড’ কর্মসূচিকে স্থায়ী রূপ দিতে যাচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট)।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্তের ফলে এশিয়া ও আফ্রিকার প্রায় ৫০টি নির্দিষ্ট দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ভিসা পেতে চরম বাধার মুখে পড়তে হতে পারে।

গত শুক্রবার প্রকাশিত মার্কিন সরকারের এক অফিসিয়াল ফেডারেল নোটিশে জানানো হয়, নতুন নিয়মানুযায়ী মার্কিন কনস্যুলার কর্মকর্তারা প্রয়োজন মনে করলে ভিসা ইস্যু করার পূর্বশর্ত হিসেবে আবেদনকারীর কাছ থেকে সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ লক্ষাধিক টাকা) পর্যন্ত জামানত বা বন্ড গ্রহণ করতে পারবেন।

মার্কিন নীতি-নির্ধারকদের দাবি, বন্ডের মাধ্যমে বড় অঙ্কের অর্থ জমা রাখার বিধানের ফলে ভ্রমণকারীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নিজ দেশে ফেরত যেতে উৎসাহিত হবেন এবং ভিসার শর্তগুলো সঠিকভাবে মেনে চলবেন।

উল্লেখ্য, ২০২৫ সালে প্রথম পরীক্ষামূলকভাবে চালুর সময় এই বন্ডের পরিমাণ ছিল সর্বনিম্ন ৫ হাজার ডলার থেকে সর্বোচ্চ ১৫ হাজার ডলার। তবে সম্প্রতি ঘোষিত চূড়ান্ত নিয়মে সর্বনিম্ন ৫ হাজার ডলারের বিকল্পটি একেবারে বাদ দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ সীমাকে বাড়িয়ে ২০ হাজার ডলারে উন্নীত করা হয়েছে। আগামী ৩ আগস্ট থেকেই বিশ্বজুড়ে এই নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে।

এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের গৃহীত এই অতিরিক্ত কঠোর অভিবাসন নীতির তীব্র বিরোধিতা ও সমালোচনা করেছেন মানবাধিকার এবং আন্তর্জাতিক অভিবাসন অধিকারকর্মীরা।

তাঁদের আশঙ্কা, জাতীয় নিরাপত্তা নিশ্চিত ও অবৈধ অবস্থান ঠেকানোর অজুহাতে অতিরিক্ত অর্থনৈতিক বোঝা চাপানোর এই কৌশল বৈধ ভ্রমণকারী ও পর্যটকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে দারুণভাবে নিরুৎসাহিত করবে।

মন্তব্য করুন