মধুপুরে বিএনপি নেতার মায়ের লাশ উদ্ধার

প্রকাশ: শনিবার, ০১ আগস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ণ
মধুপুরে বিএনপি নেতার মায়ের লাশ উদ্ধার

সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে নিজ ঘর থেকে বিএনপির এক নেতার বৃদ্ধা মায়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার (৩১ জুলাই ২০২৬) গভীর রাতে উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের দিঘিরপাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জালেমন (৭৫) ওই এলাকার মৃত আয়েজ উদ্দিনের স্ত্রী এবং শোলাকুড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের মা।

স্থানীয় সূত্র জানায়, জালেমন দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে একাই বসবাস করে আসছিলেন। শুক্রবার রাতে এক প্রতিবেশী পান খেতে তাঁর বাড়িতে গিয়ে ঘরের মেঝেতে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে মধুপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের মারাত্মক চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের মূল কারণ এখনো নিশ্চিত হওয়া না গেলেও বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন