তৃণমূলের প্রতিভা তুলে আনাই প্রধানমন্ত্রীর লক্ষ্য: সমবায় প্রতিমন্ত্রী

প্রকাশ: শনিবার, ০১ আগস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ণ
তৃণমূলের প্রতিভা তুলে আনাই প্রধানমন্ত্রীর লক্ষ্য: সমবায় প্রতিমন্ত্রী

শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা: তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে আনাই প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি।

আজ শনিবার (১ আগস্ট ২০২৬) সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত 'প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬' সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বগুড়া-২ (শিবগঞ্জ-মোকামতলা) আসনের সকল স্কুল, কলেজ ও মাদরাসার প্রধান এবং শারীরিক শিক্ষা শিক্ষকদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার খেলাধুলাকে জাতীয় উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচনা করছে।”

তিনি আরও বলেন, “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ কেবল একটি ফুটবল টুর্নামেন্ট নয়; এটি দেশব্যাপী তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনার এক জাতীয় উদ্যোগ। শহরের পাশাপাশি গ্রামের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন নিজেদের ক্রীড়ানৈপুণ্য প্রদর্শনের সুযোগ পায়, সে উদ্দেশ্যেই এ বিশাল আয়োজন।”

মীর শাহে আলম জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি উপজেলায় খেলাধুলার সুপরিবেশ সৃষ্টি, মাঠ সংরক্ষণ, তরুণসমাজকে মাদক ও অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। এ সময় তিনি আসন্ন প্রতিযোগিতাটি সফল করতে শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ফুটবল উপহার দেন।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহিন, প্রতিমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা কমিটির আহ্বায়ক অধ্যাপক নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল আলম, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম ও উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ স্থানীয় প্রশাসনিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা কমিটির সদস্য প্রধান শিক্ষক হারুনুর রশিদ ও প্রধান শিক্ষক তাজুল ইসলাম।

মন্তব্য করুন