বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে চারজন নিহত
ওয়াফিক শিপলু, বগুড়া প্রতিনিধি: বগুড়ার কাহালুতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ শনিবার (১ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের কাজীপাড়ার বউ বাজার এলাকার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় মিলেছে, তিনি ময়মনসিংহের লুৎফর রহমান। বাকি তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহতরা সবাই মাছ পরিবহনে ব্যবহৃত পিকআপ ট্রাকটির যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে আদমদীঘি উপজেলায় মাছের রেণুপোনা বিক্রি শেষে পিকআপটি বগুড়া শহরের দিকে ফিরছিল। পথে বউ বাজার এলাকায় পৌঁছালে সামনে থাকা শ্যামলী পরিবহনের একটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ চারজনের করুণ মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেন।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রফিকুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
এআইএল/সকালবেলা
|