রাজধানীর হাসপাতালে আনসারের সাহসী পদক্ষেপ; ধাওয়া দিয়ে অস্ত্রসহ গ্রেফতার ৩

প্রকাশ: বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ণ
রাজধানীর হাসপাতালে আনসারের সাহসী পদক্ষেপ; ধাওয়া দিয়ে অস্ত্রসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে অঙ্গীভূত আনসার সদস্যদের সাহসিকতা, পেশাদারিত্ব ও ঝুঁকিপূর্ণ অভিযানে সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্যকে দেশীয় তীব্র ধারালো অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে উদ্ধারকৃত অস্ত্রসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

ঢাকা মহানগর আনসার (ডিএমএ) দক্ষিণ জোন সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে ৫ থেকে ৬ সদস্যের একটি সংঘবদ্ধ চোরচক্র শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালের ভেতরে ঢুকে মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সেখানে নিরাপত্তায় দায়িত্বরত আনসার সদস্য শ্রী সজীব রায়, জুয়েল রানা ও জয় শীল চোরদের তৎপরতা টের পেয়ে তাৎক্ষণিকভাবে ধাওয়া করলে চোরচক্রের সদস্যরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

তবে প্রাথমিক ব্যর্থতার কিছু সময় পর চোরচক্রের সদস্যরা সংঘবদ্ধ হয়ে পুনরায় হাসপাতাল এলাকায় ফিরে আসে। তারা দায়িত্ব পালনরত আনসার সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি ইট–পাটকেল নিক্ষেপ করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে। উদ্ভূত পরিস্থিতিতে আনসার সদস্যরা বিচলিত না হয়ে অত্যন্ত ধৈর্য ও সাহসিকতার সাথে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একই সাথে হাসপাতালে অবস্থিত আনসার ক্যাম্পে খবর দিয়ে অবস্থানরত অন্যান্য সদস্যদের নিয়ে চোরদের ধরতে তাৎক্ষণিক সমন্বিত ধাওয়া ও অভিযান পরিচালনা করেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী এই সদস্যদের সমন্বিত অভিযানে চোরচক্রের অন্য সদস্যরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও তিন সদস্যকে ধারালো চাপাতিসহ হাতেনাতে ধরে ফেলা হয়। আটককৃতরা হলো—মো. রনি (২২), সাব্বির (২২) ও সালাম (২১)।

অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে হামলা ও চুরির কাজে ব্যবহৃত একটি ধারালো চাপাতি উদ্ধার ও জব্দ করা হয়। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশক্রমে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের উদ্ধারকৃত অস্ত্রসহ সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের সকল সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ও হাসপাতালে নিরাপত্তা প্রদান, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং দালালচক্র উৎখাতে আনসার সদস্যরা সততা, সাহসিকতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে তাদের অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।

মন্তব্য করুন