ডেঙ্গু প্রতিরোধে ঢাবিতে বিএনসিসির সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ণ
ডেঙ্গু প্রতিরোধে ঢাবিতে বিএনসিসির সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিএনসিসির সচেতনতা র‍্যালি

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ প্রতিরোধ এবং সাধারণ শিক্ষার্থী ও পথচারীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট, ২০২৬) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণ থেকে সচেতনতামূলক এই র‍্যালিটি শুরু হয়। পরে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে গিয়ে এটি শেষ হয়।

বিএনসিসি হেডকোয়ার্টার ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই বিশেষ উদ্যোগের আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ক্যাডেটরা স্বতঃস্ফূর্তভাবে ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টের ময়লা-আবর্জনা ও জমে থাকা পানি পরিষ্কার করেন। একই সঙ্গে ক্যাম্পাসে চলাচলকারী শিক্ষার্থী, ডাব বিক্রেতা ও সাধারণ পথচারীদের মাঝে ডেঙ্গু এবং চিকনগুনিয়া প্রতিরোধের নানা করণীয় সম্পর্কে অবহিত করেন।

সচেতনতামূলক এই র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযানের সার্বিক নেতৃত্বে ছিলেন বিএনসিসি ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের নৌ শাখার প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঁঞা।

কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনসিসির সেনা, নৌ ও বিমান—তিনটি শাখারই ক্যাডেটবৃন্দ, সামরিক প্রশিক্ষকগণ এবং সংশ্লিষ্ট অফিস স্টাফরা উপস্থিত থেকে অংশ নেন। এ ছাড়া ঢাকা কলেজ বিএনসিসি সেনা শাখার ক্যাডেটরা সুসজ্জিত ব্যান্ড পার্টিসহ উপস্থিত থেকে পুরো কর্মসূচিটিকে অত্যন্ত প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তোলেন।

মন্তব্য করুন