আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের গালিগালাজ করলেন পরীমনি

প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ণ
আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের গালিগালাজ করলেন পরীমনি

বিনোদন রিপোর্টার: ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় জামিন নিতে আদালতে হাজির হয়ে সংবাদকর্মীদের সঙ্গে উত্তপ্ত আচরণ ও ক্ষোভ প্রকাশ করেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। আদালত চত্বরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর চড়াও হওয়ার পাশাপাশি তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরের দিকে ঢাকার আদালতে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। এর আগে গত বুধবার (৪ নভেম্বর) এই মামলায় আদালতে হাজিরা না দেওয়ায় পরীমনির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। সেই পরোয়ানা মাথায় নিয়ে এদিন স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। পরে আদালত মাত্র ৫০০ টাকার মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।

জামিন শুনানির আগের ও পরের সময়ে আদালত প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের ভিড়ের মাঝে চরম উত্তেজনার সৃষ্টি হয়। সংবাদকর্মীদের অভিযোগ, পেশাগত দায়িত্ব পালনকালে ছবি ও ভিডিও ধারণের সময় পরীমনি হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে সাংবাদিকদের উদ্দেশে তেড়ে যান এবং অশ্রাব্য ভাষায় গালাগাল ও ‘তুই-তুকারি’ করে দেখে নেওয়ার হুমকি দেন।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে পরীমনিকে বেশ ক্ষুব্ধ কণ্ঠে বলতে শোনা যায়, “তোমাদের সাংবাদিকদের মধ্যে একটা ছেলে আমার গায়ে হাত দিয়েছে। তোমাদের ক্যামেরায় ফুটেজ আছে না? তোমরা ফুটেজ দেখে ওই ছেলেটাকে খুঁজে বের করবা!”

সাংবাদিকদের অভিযোগ সূত্রে জানা যায়, আদালত চত্বরে সংবাদ সংগ্রহকালে জাগো নিউজের প্রতিবেদক আশিকুজ্জামান ও মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুলুল্লাহ আল কাউছার নিরাপত্তাকর্মীদের ধাক্কাধাক্কিতে আহত হন। এ সময় আশিকুজ্জামানের মোবাইল ফোন কেড়ে নেওয়ার ঘটনা ঘটে এবং তাঁকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া সমকালের প্রতিবেদক রবিউল হোসেন ও আগামীর সময়ের প্রতিবেদক সিয়াম হোসেনসহ বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী হেনস্তার শিকার হন। এমনকি বিশৃঙ্খলার মাঝে আদালতের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নীরব ভূমিকা পালন নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন উপস্থিত সাংবাদিকরা।

উল্লেখ্য, ২০২১ সালের ৬ জুলাই বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মারধর ও ভাঙচুরের অভিযোগে এই মামলাটি দায়ের করেছিলেন। আদালতের এই ঘটনার পর থেকে শোবিজ অঙ্গন ও গণমাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা-সমালোচনা।

এআইএল/সকালবেলা