‘স্পেন সত্যিই যোগ্য বিজয়ী’: ফাইনাল শেষে তারকাদের প্রতিক্রিয়া

প্রকাশ: সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ণ
‘স্পেন সত্যিই যোগ্য বিজয়ী’: ফাইনাল শেষে তারকাদের প্রতিক্রিয়া

বিনোদন ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক শিরোপা উঁচিয়ে ধরেছে স্পেন। স্প্যানিশদের এই ট্রফি জয়ের পর বিশ্বজুড়ে চলা উৎসবের দোলা লেগেছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। ঢালিউড সুপারস্টার শাকিব খান থেকে শুরু করে জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী ও অপু বিশ্বাস—সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন নতুন বিশ্বচ্যাম্পিয়নদের।

ফাইনালে বাঁশি বাজার পরপরই নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সংক্ষিপ্ত কিন্তু আন্তরিক বার্তায় শুভকামনা জানান সুপারস্টার শাকিব খান। তিনি লেখেন, "২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন।"

অন্যদিকে স্পেনের পুরো টুর্নামেন্টের পারফরম্যান্স ও নৈপুণ্যের প্রশংসা করে চিত্রনায়িকা শবনম বুবলী ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, "স্পেনকে অনেক অনেক অভিনন্দন! তারা সত্যিই এটার যোগ্য। ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ চ্যাম্পিয়নস।"

চিত্রনায়িকা অপু বিশ্বাসও উদযাপনে শরিক হয়ে ফেসবুক পাতায় লিখেছেন, "অভিনন্দন স্পেন।"

নিউ জার্সির ঐতিহাসিক মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে 'লা রোহা'রা। বল দখল ও মাঝমাঠের নিখুঁত নিয়ন্ত্রণে আর্জেন্টিনাকে বোতলবন্দী করে ১-০ গোলের জয় তুলে নেয় স্পেন। পরাজয়ের মধ্য দিয়ে আর্জেন্টিনার ব্যাক-টু-ব্যাক বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভাঙলেও, দীর্ঘ ১৬ বছর পর ফুটবলের বিশ্বমঞ্চে নিজেদের দ্বিতীয় শ্রেষ্ঠত্ব নিশ্চিত করে স্পেন।

মন্তব্য করুন