চীনা প্রযুক্তিপণ্যে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

প্রকাশ: সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ
চীনা প্রযুক্তিপণ্যে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

তথ্যপ্রযুক্তি ডেস্ক: জাতীয় নিরাপত্তার ঝুঁকির কারণ দর্শিয়ে চীনের আরও কিছু প্রযুক্তিপণ্য আমদানি ও ব্যবহারের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) সম্প্রতি এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।

নতুন এই নিষেধাজ্ঞার ফলে চীনের বেশ কয়েকটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের তৈরি যোগাযোগ ও নজরদারি সরঞ্জাম যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে পারবে না। তালিকাভুক্ত প্রধান প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—হুয়াওয়ে, জেডটিই, হাইকভিশন, দাহুয়া ও হাইটেরা।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব প্রতিষ্ঠানের তৈরি সরঞ্জাম দেশটির স্পর্শকাতর সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। এর আগে ২০২২ সালে চীনের নির্দিষ্ট কিছু মডেলের ওপর এফসিসি নিষেধাজ্ঞা দিলেও, এবার সেই বিধিনিষেধের পরিধি আরও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্তে পুরাতন মডেলের কিছু সরঞ্জামও এই নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়েছে।

এফসিসি জানিয়েছে, নতুন এই নিয়ম চলতি বছরের জুলাইয়ের শুরু থেকে কার্যকর হবে। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য স্বস্তির বিষয় হলো, যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছে বর্তমানে যেসব চীনা প্রযুক্তিপণ্য রয়েছে, তা ব্যবহারের ওপর কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। অর্থাৎ, বর্তমানে ব্যবহৃত ডিভাইসগুলো চালু রাখা যাবে। তবে নতুন করে এসব পণ্যের আমদানি বা অনুমোদনের প্রক্রিয়া কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

সম্প্রতি চীনের তৈরি ড্রোন এবং নতুন মডেলের রাউটার আমদানিতেও কড়াকড়ি আরোপ করেছে ওয়াশিংটন। প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা নিয়ে দুই বৃহৎ অর্থনীতির এই শীতল যুদ্ধ ভবিষ্যতে আরও তীব্র হওয়ার আশঙ্কা করছেন বৈশ্বিক প্রযুক্তি বিশ্লেষকরা।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন