দারুল উলুম দেওবন্দ নিয়ে ষড়যন্ত্র, শিবলিঙ্গ থাকার দাবি হিন্দুত্ববাদীদের

প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ণ
দারুল উলুম দেওবন্দ নিয়ে ষড়যন্ত্র, শিবলিঙ্গ থাকার দাবি হিন্দুত্ববাদীদের

সকালবেলা অনলাইন: ভারতের উত্তরপ্রদেশের ঐতিহ্যবাহী ও বিশ্ববিখ্যাত ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দকে কেন্দ্র করে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো। প্রতিষ্ঠানটির চত্বরে প্রাচীন শিবলিঙ্গ বিদ্যমান রয়েছে—এমন বিতর্কিত দাবি তুলে সেখানে গঙ্গার পানি ছিটিয়ে ‘শুদ্ধিকরণ’ ও প্রার্থনার ঘোষণা দিয়েছে ‘হিন্দু রক্ষা দল’ নামের একটি সংগঠন।

সংগঠনটির উত্তরাখণ্ড রাজ্য প্রধান ললিত শর্মা সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় জানান, তাঁদের জাতীয় সভাপতি পিঙ্কি চৌধুরীর নেতৃত্বে কর্মী-সমর্থকেরা হরিদ্বার থেকে গঙ্গাজল নিয়ে দেওবন্দে যাবেন এবং তা নিবেদন করবেন। তাঁর দাবি, ঐতিহাসিক দেওবন্দ মাদ্রাসাটি একটি প্রাচীন হিন্দু মন্দির ভেঙে নির্মাণ করা হয়েছিল এবং এর ভেতরে এখনও একটি শিবমন্দির বিদ্যমান।

ললিত শর্মা আরও দাবি করেন, এ বিষয়ে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার অনুমতি চেয়ে এর আগে প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে।

এদিকে হিন্দুত্ববাদী সংগঠনটির এমন উস্কানিমূলক ঘোষণাকে কেন্দ্র করে পুরো উত্তরপ্রদেশে তীব্র ধর্মীয় উত্তেজনা দেখা দিয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে দেওবন্দ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

দেওবন্দ সার্কেলের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা অমিত কুমার সিং জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। অনুমতি ছাড়া কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন