ঝড়ে বাবার সামনেই ছেলের ডুবে মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ণ
ঝড়ে বাবার সামনেই ছেলের ডুবে মৃত্যু

মোল্লা মো. আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় হালতির বিলে মাছ ধরতে গিয়ে আকস্মিক ঝড় ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে যান বাবা ও ছেলে। বাবা অলৌকিকভাবে প্রাণে বাঁচলেও চোখের সামনেই বিলে ডুবে মারা গেছেন ছেলে।

নিহত যুবকের নাম মো. সদু ইসলাম (৩০)। তিনি উপজেলার ৩ নম্বর খাজুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বামন গ্রামের হবি প্রামাণিকের (৬০) ছেলে। মর্মান্তিক এই ঘটনায় তাঁর বাবা হবি প্রামাণিকও গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে হালতির বিলে মাছ শিকারের উদ্দেশ্যে নৌকা নিয়ে বের হন হবি প্রামাণিক ও তাঁর ছেলে সদু ইসলাম। বিলে জাল ফেলার একপর্যায়ে হঠাৎ তীব্র ঝড় শুরু হয় এবং বিলের পানি ভয়ানক উত্তাল হয়ে ওঠে। এ সময় বিশাল ঢেউয়ের ধাক্কায় নৌকাটি উল্টে গিয়ে দুজনই পানিতে ছিটকে পড়েন।

দুর্ঘটনার পর আহত অবস্থায় হবি প্রামাণিক নিকটবর্তী অন্য একটি মাছ ধরার নৌকার সাহায্যে ডাঙায় উঠতে সক্ষম হলেও গভীর পানিতে তলিয়ে যান ছেলে সদু। পরবর্তীতে স্থানীয় জেলেরা প্রায় দুই ঘণ্টা ধরে আশপাশের এলাকায় জাল টেনে তাঁর নিথর দেহ উদ্ধার করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দরিদ্র হবি প্রামাণিক ও তাঁর ছেলে বিলের মাছ বিক্রি করেই পরিবার চালাতেন। আকস্মিক এই মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারসহ পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন