দিনাজপুরে বিজিবির অভিযানে বিপুল মাদক উদ্ধার
মো. তাজুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) পৃথক তিনটি বিশেষ অভিযানে দিনাজপুরের বিরল এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও রাণীশংকৈল সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ আগস্ট রাত ৯টা ৪০ মিনিটে ৪২ বিজিবির মৌচোষা বিওপির একটি দল দিনাজপুর জেলার বিরল উপজেলার চৌধুরীপাড়া লিচু বাগান এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার ৩২৯/৫-এস থেকে প্রায় ১ কিলোমিটার ভেতরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ২০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই রাতে (১০ আগস্ট) ১১টা ২০ মিনিটে বৈরচুনা বিওপির বিজিবি সদস্যরা ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দৌপাইল এলাকায় অভিযান পরিচালনা করেন। সীমান্ত পিলার ৩৩৫/৩-এস থেকে ৮০০ গজ ভেতরের এই স্থান থেকে আরও ৫৯ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া ১১ আগস্ট রাত ৩টা ১৫ মিনিটে পার্বতীপুর বিওপির বিজিবি দল ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কোচাল এলাকায় বিশেষ অভিযান চালায়। সীমান্ত পিলার ৩৪৪/৭-এস এর ২০০ গজ ভেতরের ওই স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৭১ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৫২ হাজার ১০০ টাকা। উদ্ধার করা মাদকের বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা
|