যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে ফাটলের আভাস

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে ফাটলের আভাস

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক আলোচনা ও কূটনৈতিক সম্পর্কে বাধা দেওয়ার অভিযোগে ইসরাইলকে লক্ষ্য করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের প্রকাশ্য সমালোচনাকে ‘তীব্রতার দিক থেকে নজিরবিহীন’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলের সাবেক রাষ্ট্রদূত অ্যালন পিঙ্কাস।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। অ্যালন পিঙ্কাস বর্তমানে বিখ্যাত মার্কিন সাময়িকী 'দ্য নিউ রিপাবলিক'-এর নিয়মিত কলামিস্ট হিসেবে কাজ করছেন।

সাক্ষাৎকারে পিঙ্কাস বলেন, "যুক্তরাষ্ট্রের রানিং ভাইস প্রেসিডেন্ট হিসেবে অতীতে কেউ কখনও ইসরাইলের বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রনীতিকে দুর্বল করার বা ওয়াশিংটনের অভ্যন্তরীণ বিষয়ে প্রভাব বিস্তারের এমন প্রকাশ্য ও সরাসরি অভিযোগ তোলেননি।"

তিনি উল্লেখ করেন যে, অতীতেও বিভিন্ন ইস্যুতে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে নানা মতবিরোধ ও মনস্তাত্ত্বিক টানাপোড়েন ছিল। কিন্তু বর্তমান মার্কিন প্রশাসনের দ্বিতীয় শীর্ষ ব্যক্তির পক্ষ থেকে এভাবে এত স্পষ্ট, কঠোর ও প্রকাশ্য ভাষায় যুক্তরাষ্ট্রের মাটিতে ইসরাইলের লবিং ও প্রভাব বিস্তারের প্রচারণার সমালোচনা করা সত্যিই অভাবনীয় ও বেশ বিস্ময়কর।

সাবেক এই ইসরাইলি রাষ্ট্রদূতের মতে, মার্কিন ভাইস প্রেসিডেন্টের এমন কঠোর মনোভাব স্পষ্ট করে দেয় যে—বর্তমান প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল আর একই সমান্তরালে অবস্থান করছে না।

তিনি আরও সতর্ক করে বলেন, ইরান কেন্দ্রিক সম্ভাব্য যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি ঘিরে দুই পরম মিত্র দেশের মধ্যে বাড়তে থাকা এই দূরত্ব ইসরাইলের নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত উদ্বেগজনক। এই ঘটনা দীর্ঘদিনের ওয়াশিংটন-তেল আবিব সম্পর্কের একটি বড় ধরনের "কাঠামোগত পরিবর্তন বা রূপান্তরের" স্পষ্ট ইঙ্গিত বহন করে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন