পাকিস্তান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, যে আলোচনা হলো
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনার মধ্যেই নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এই উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে গতকাল শুক্রবার পাকিস্তান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এক জরুরি ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। ফোনালাপে তাঁরা এই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। আজ শনিবার (২৭ জুন) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের এই ফোনালাপ হয়। আলাপকালে তাঁরা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা পালনে পাকিস্তানের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।
ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের অব্যাহত সমর্থনের ভূয়সী প্রশংসা করেন। এর পাশাপাশি, জলসীমানায় আটকে পড়া ইরানি নাবিক ও জেলেদের নিরাপদে দেশে ফেরাতে সর্বাত্মক সহযোগিতার জন্য তিনি ইসলামাবাদকে আন্তরিক ধন্যবাদ জানান।
বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্য ও এর আশপাশের অঞ্চলে নতুন করে তৈরি হওয়া সামরিক ও কৌশলগত উত্তেজনার মুখে দুই প্রতিবেশী দেশের শীর্ষ কূটনীতিকদের এই ফোনালাপ আঞ্চলিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
|