ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে যে সব সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ ও বিধ্বংসী জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে ১৫ কোটি ডলারের বড় আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে মানবিক সংকটের কথা বিবেচনা করে দক্ষিণ আমেরিকার এই দেশটির তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করা হচ্ছে।
এছাড়া ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার ও জরুরি চিকিৎসায় সহযোগিতা করতে প্রশিক্ষিত উদ্ধারকারী বাহিনী, বিশেষায়িত সরঞ্জাম, তাঁবু, মানবিক সহায়তাসমগ্রীসহ মার্কিন নৌবাহিনীর দুটি বড় জাহাজ, কয়েকটি হেলিকপ্টার এবং উড়োজাহাজও পাঠাচ্ছে ওয়াশিংটন। আজ শনিবার (২৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক বার্তায় এই তথ্য জানিয়েছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের এই তাৎক্ষণিক সহায়তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এক্স পোস্টে দেলসি রদ্রিগুয়েজ বলেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আমাকে ফোন করেছিলেন। তাঁরা বলেছেন ভেনেজুয়েলার এই কঠিন সময়ে তাঁরা আমাদের পাশে আছেন এবং শিগগিরই এসব জরুরি সহায়তা পাঠাচ্ছেন। ভেনেজুয়েলার এই ভয়াবহ দুর্যোগ পরিস্থিতিতে এমন বন্ধুত্ব ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ।”
এর আগে গতকাল শুক্রবার দেলসি এবং ভেনেজুয়েলার কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডের কয়েকজন সেনা কর্মকর্তা। সেই সাক্ষাতে তাঁরা বলেছিলেন, ভেনেজুয়েলার বর্তমান নাজুক পরিস্থিতি তাঁরা বিশদভাবে ওয়াশিংটনকে অবহিত করেছেন এবং খুব দ্রুতই সেখান থেকে বড় ধরণের সরকারি সহায়তা আসবে।
গত ২৪ জুন বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প পরপর আঘাত হানে ভেনেজুয়েলায়। দুই ভূমিকম্পের মাঝখানে সময়ের ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (USGS)। এর মধ্যে গতকাল শুক্রবার আবারও ৪ দশমিক ৯ মাত্রার একটি আফটারশক বা মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে দেশটিতে।
ভয়াবহ এই জোড়া ভূমিকম্পের পর গত দুই দিনে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস, উপকূলীয় শহর লা গুয়াইরাসহ বিভিন্ন শহরের ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ৯২০ জনের মরদেহ এবং ৩ হাজার ৩৬০ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ আছেন ৫০ হাজারেরও বেশি মানুষ।
এই দুর্যোগকে ভেনেজুয়েলার এ যাবৎকালের ইতিহাসের সবচাইতে ভয়াবহ, বিধ্বংসী ও প্রাণঘাতী ভূমিকম্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। দেশটির অজস্র বহুতল ভবন, সরকারি স্থাপনা ও বাসাবাড়ি আংশিক কিংবা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ইউএসজিএস আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, নিখোঁজদের সংখ্যা হিসাব করলে এই ভূমিকম্পে মোট নিহতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যেতে পারে। বর্তমানে বাড়িঘর ও ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া পরিবারের সদস্য ও স্বজনদের উদ্ধারের জন্য দিশেহারা অবস্থায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন উত্তর ভেনেজুয়েলার হাজার হাজার পরিবার।
|