অনলাইন সাংবাদিকতা এখন মানুষের প্রধান ভরসা: সেতুমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী সংবাদমাধ্যমের চেনা গণ্ডি পেরিয়ে বর্তমান সময়ে অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতাই তথ্য প্রবাহের মূল চালিকাশক্তি হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, “অনলাইন সাংবাদিকতাই এখন মানুষের তথ্য গ্রহণ করা, জানা ও সম্পৃক্ত থাকার প্রধান মাধ্যমে পরিণত হয়েছে। এই আধুনিক পরিবর্তনের সঙ্গে দেশের তরুণ ও আগামী প্রজন্ম সবচেয়ে সফলভাবে নিজেদের মানিয়ে নিয়েছে।”
গতকাল শুক্রবার (২৬ জুন) রাতে রাজধানীর মহাখালীর বাংলাদেশ পর্যটন করপোরেশনের অবকাশ হোটেলে ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’ আয়োজিত এক ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মের প্রধানদের নিয়ে এই সংগঠনের আত্মপ্রকাশ ও মিলনমেলার আয়োজন করা হয়।
সেতুমন্ত্রী তাঁর বক্তব্যে আরও বলেন, “বর্তমানে অনলাইন সাংবাদিকতাকে মানুষ সবচেয়ে বেশি উপভোগ করছে এবং এর সাথেই যুক্ত থাকছে। এই সময়টা পুরোপুরি আপনাদের। সময়ের যে আবেদন, সেটিকে আপনারা সাফল্যের সঙ্গে ধারণ করতে পারছেন। এটি যেমন আপনাদের সৌভাগ্য, ঠিক তেমনি আপনাদের যোগ্যতারও এক অনন্য স্বীকৃতি।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী শেখ রবিউল আলম নিজের ছাত্রজীবনের স্মৃতি চারণ করে বলেন, “আমি প্রায়ই বলি— আমি ম্যাস কমিউনিকেশনের ছাত্র। তবে আমার দুর্ভাগ্য যে সাংবাদিকতা করার সুযোগ হয়নি, রাজনীতিতে চলে এসেছি। তবুও আমি মনে করি, সাংবাদিকদের বিবেক, অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি ও দূরদর্শিতা সত্যিই সমাজ বিনির্মাণে অনন্য ভূমিকা রাখে।”
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, যিনি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থ্রিলিফ টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তাজুল ইসলাম রুমেল এবং টাইগার মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ইবনুল ইরফানসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল।
অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর অনলাইন ও ডিজিটাল প্রধানরা অংশ নেন। এর মধ্যে উপস্থিত ছিলেন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সহসভাপতি লুৎফর রহমান হিমেল, কেএম জিয়াউল হক, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম (রুবেল), আনিসুর রহমান বুলবুল, অর্থসম্পাদক মো. মঈন উদ্দিন বকুল, অফিস সম্পাদক মাসুদ বিন আবদুর রাজ্জাক, কার্যনির্বাহী সদস্য মো. রওশন জামিল প্রধান ও মনসুরা চামেলী।
এ ছাড়া যুগান্তরের অনলাইন ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান ও মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিন, চ্যানেল আইয়ের সিএনই মীর মাসরুর জামান, নয়া দিগন্তের মো. মোস্তাফিজুর রহমান ও একরামুল হক বিপ্লব, আরটিভির আবু আজাদ, দ্য ডেইলি স্টারের আজাদ বেগ, বৈশাখী টিভির এইচএম নাহিয়ান, এখন টিভির আনিসুর সুমন, বাংলা নিউজ ২৪-এর মৌসুমী সুলতানা, টাইমস টুডের মাসুম খান ও একেএম ইমরানুল হক, মানবকণ্ঠের মো. ফরহাদ হোসেন, ইনকিলাবের খোন্দকার তানভীর রহমান, আলোকিত বাংলাদেশের মো. হাসান আল বান্না, সমাচার প্রতিদিনের যুবরাজ ফয়সাল, এনপিবি নিউজের আকরাম হোসেন, অগ্রদূতের হাসনাত কাদির ইসলাম, সময়ের আলোর সাঈদ রহমান এবং আজকের পত্রিকার মামুন সোহাগসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, অনলাইন গণমাধ্যমের সম্পাদকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও পেশাদারিত্ব আরও সুদৃঢ় করতে এবং ব্যস্ততার মাঝেও পরিবার-পরিজনকে একটু আনন্দ দিতেই এই সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার আয়োজন করা হয়েছে। ফল উৎসবের এই বর্ণাঢ্য আয়োজনে সংগঠনের সদস্যদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও অংশ নেন। অনুষ্ঠান শেষে সদস্যদের পরিবারের শিশুদের বিশেষ উপহার এবং সহধর্মিণীদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এআইএল/সকালবেলা
|