রামপালে নিষিদ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ণ
রামপালে নিষিদ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, রামপাল (বাগেরহাট): বাগেরহাটের রামপাল উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল শুক্রবার (২৬ জুন) রাতে উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার ৭ নম্বর পেড়িখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিচ মাঝি (৪৫) এবং রামপাল সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি গিয়াস উদ্দিন শেখ (৬২)। আনিচ মাঝি সাতপুকুরিয়া গ্রামের তৈয়েবুর রহমান মাঝির ছেলে এবং গিয়াস উদ্দিন শ্রীকলস গ্রামের মৃত আব্দুল লতিফ শেখের ছেলে।

রামপাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে রামপাল থানা পুলিশের একাধিক টিম বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে নামে। অভিযান চলাকালে নিজ নিজ এলাকা থেকে যুবলীগের এই দুই নেতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজিব আল রশিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে বিশেষ অভিযানের মাধ্যমে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট অপরাধের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি কার্যক্রম ও মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও জানান, রামপাল উপজেলায় সব ধরনের অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশের এই বিশেষ চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন