জ্ঞানেশের পর মোদি-অমিত শাহের পালা, আমরা থামব না: রাহুল গান্ধী

প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ণ
জ্ঞানেশের পর মোদি-অমিত শাহের পালা, আমরা থামব না: রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে বিতর্কিত ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে দেশটির বিরোধী রাজনৈতিক জোট। এ ঘটনায় মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারো সমর্থক নিয়ে পদযাত্রা ও বিক্ষোভ মিছিল করেছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

সোমবার (১২ অক্টোবর) নয়াদিল্লিতে আয়োজিত এই প্রতিবাদ মিছিলে রাহুল গান্ধীর পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাসহ শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন।

মিছিল শুরুর আগে সাংবাদিকদের রাহুল গান্ধী বলেন, “জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে আমাদের এই ঐক্যবদ্ধ প্রতিবাদ। জ্ঞানেশের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পালা; দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা থামব না।” তিনি আরও অভিযোগ করেন, মুখ্য নির্বাচন কমিশনার প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার চাপে সংবিধান ক্ষুণ্ন করে কাজ করছেন।

একই ইস্যুতে মল্লিকার্জুন খাড়গে, অখিলেশ যাদব, তেজস্বী যাদব ও সৌগত রায়সহ প্রধান বিরোধী নেতাদের স্বাক্ষরিত একটি আবেদন ভারতের সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে। আবেদনে অভিযোগ করা হয়, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে।

এদিকে মিছিলটি তিলক মার্গ হয়ে আদালতের দিকে এগোলে পুলিশ ভগবান দাস রোডে ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় দিল্লির জপথ, মান্ডি হাউস, রাজীব চকসহ গুরুত্বপূর্ণ ৬টি মেট্রো স্টেশনে সাময়িক কড়াকড়ি আরোপ করে পুলিশ ও মেট্রোরেল কর্তৃপক্ষ।

সূত্র: দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস

এআইএল/সকালবেলা