বরিশালে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু

প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ণ
বরিশালে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু

সাঈদ পান্থ (বরিশাল): নারীদের ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতকরণ ও সামাজিক নিরাপত্তা জোরদারে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির অংশ হিসেবে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। 

সোমবার (১২ অক্টোবর) বরিশালে এ কর্মসূচির আনুষ্ঠানিক প্রস্তুতি ও বিস্তারিত তথ্য জানাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই সংবাদ সম্মেলনে জানানো হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নারী পরিবারপ্রধানদের তথ্য সংগ্রহ করে যোগ্যতা যাচাইয়ের ভিত্তিতে কার্ড ও ভাতা দেওয়া হবে।

সরকারি লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে দেশের প্রায় ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগৃহীত ডেটাবেইজে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি চলতি অর্থবছরে নতুন ৪০ লাখ নারী পরিবারপ্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা বেগম, বরিশাল সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট রায়হান-উজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল কবির এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রশিক্ষণপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীরা বিশেষায়িত ট্যাবলেটের মাধ্যমে সরাসরি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে অনলাইন ডেটাবেইজে সংরক্ষণ করবেন। পরিবারের আর্থসামাজিক অবস্থা যাচাইয়ে প্রোগ্রেসিভ মীনস টেস্ট (পিএমটি) পদ্ধতির মাধ্যমে পরিবারগুলোকে পাঁচটি শ্রেণিতে বিভক্ত করে ভাতা প্রাপ্তির যোগ্যতা নির্ধারণ করা হবে। আধুনিক প্রযুক্তি সংবলিত এই ফ্যামিলি কার্ডে ডুয়াল চিপ, কিউআর কোড ও এনএফসি থাকবে, যার মাধ্যমে নির্ধারিত ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সাহায্যে সহজেই ভাতা উত্তোলন করা যাবে।

এআইএল/সকালবেলা