দীঘিনালায় নিরাপত্তা জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত
রুপম চাকমা (দীঘিনালা): শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় নিরাপত্তা জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার নয়টি পূজামণ্ডপের প্রতিনিধিরা অংশ নেন এবং তাঁদের হাতে বিজিবির পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) মাঠে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব ও বক্তব্য দেন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ। এতে আরও উপস্থিত ছিলেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী, দীঘিনালা আনসার ও ভিডিপির সহকারী পরিচালক পুলক সরকার, মেডিকেল অফিসার এম. আবদুল্লাহ আল মামুন এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুজ্জামান সুমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বিজিবি অধিনায়ক জানান, দুর্গাপূজায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে মাঠে তিন প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। পূজামণ্ডপগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পূজা উদ্যাপন কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগের পরামর্শ দেন তিনি।
সভা শেষে দীঘিনালা উপজেলার নয়টি পূজামণ্ডপের পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয়।
এআইএল/সকালবেলা