গুপ্ত ও ফ্যাসিবাদীরা মিলে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: আমান

প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ণ
গুপ্ত ও ফ্যাসিবাদীরা মিলে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: আমান

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ যখন কূটনৈতিকভাবে সাফল্য অর্জন করে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, ঠিক তখনই দেশ নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান এমপি। তিনি অভিযোগ করেন, গুপ্ত ও ফ্যাসিবাদী শক্তি দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তবে রক্ত দিয়ে অর্জিত জনগণের ভোটাধিকার কোনোভাবেই হারাতে দেওয়া হবে না।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নবগ্রাম এলাকায় নব্বইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ নাজির উদ্দিন জেহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, শহীদ জেহাদের রক্তের বিনিময়ে দেশ যে গণতন্ত্র ফিরে পেয়েছিল, সেই অর্জন ধরে রাখতে হবে এবং দেশের মানুষ কোনো চক্রান্ত মেনে নেবে না। গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান অবিরাম কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।

বিএনপির এই প্রবীণ নেতা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করতে গিয়ে এম ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ বহু নেতা গুম হয়েছেন এবং হাজারো ছাত্র-জনতা আত্মাহুতি দিয়েছেন। সর্বশেষ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আবু সাঈদসহ অনেকের প্রাণদানের মাধ্যমে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তারেক রহমানকে বেছে নিয়েছে বলে তিনি দাবি করেন।

কবর জিয়ারত কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব নাজিম উদ্দীন আলম, সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান বাবুল, হাবিবুর রহমান হাবিব, খন্দকার লুৎফর রহমান ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহীদ নাজির উদ্দিন জেহাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

এআইএল/সকালবেলা