স্বামীর হাতে স্ত্রী খুন, ভাইসহ ঘাতক স্বামী আটক

প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ণ
স্বামীর হাতে স্ত্রী খুন, ভাইসহ ঘাতক স্বামী আটক

সাঈদ পান্থ (বরিশাল): দাম্পত্য কলহের জের ধরে স্বামীর অমানুষিক নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ঐশী আক্তার (২৫) নামের এক গৃহবধূ। এ ঘটনায় ঘাতক স্বামী সোহেল খান (২৮) ও জিজ্ঞাসাবাদের জন্য তাঁর ছোট ভাই তানভীর খানকে আটক করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।

নিহত ঐশী আক্তার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর সাধুকাঠী গ্রামের শাহে আলমের মেয়ে। অভিযুক্ত সোহেল খান কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের কাদের খানের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দাম্পত্য কলহের জের ধরে চার দিন আগে সোহেল তাঁর স্ত্রী ঐশীর মাথায় লোহার রড দিয়ে সজোরে আঘাত করেন। ওই সময় তাঁর ওপর অমানুষিক নির্যাতন চালানো হলে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। সোমবার সকালে শারীরিক অবস্থার চরম অবনতি হলে শ্বশুরবাড়িতে সংজ্ঞাহীন হয়ে পড়েন ঐশী। পরে উদ্ধার করে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে মনিরুল ইসলাম জানান, মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত ও জখমের চিহ্ন রয়েছে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত সোহেল খান ও তাঁর ভাই তানভীরকে আটক করে। নিহতের চোখ ও শরীরের একাধিক স্থানে আঘাতের আলামত পাওয়া গেছে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এআইএল/সকালবেলা