রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় দুই সাবেক সেনা কর্মকর্তা রিমান্ডে
অনলাইন ডেস্ক: রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তাকে চার দিন করে রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১২ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্ত দুজন হলেন—লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা (৪৩) ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ (৪৭)।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা, গোয়েন্দা পুলিশের সাইবার ও বিশেষ অপরাধ বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) শেখ বশির আহমেদ আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মুনসুর রিপন রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানালে উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ডের সিদ্ধান্ত দেন। বিকেলে কড়া পুলিশি নিরাপত্তায় তাঁদের আদালতে হাজির করা হয়েছিল।
পুলিশের রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, আসামিরা রাজধানীর পল্লবী এলাকার একটি বাসায় অবস্থান করে বার্তা আদান-প্রদানকারী প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ও সংঘাত উসকে দেওয়ার মতো ডিজিটাল সামগ্রী তৈরি ও প্রচার করছিলেন। অনলাইনে যোগাযোগ রক্ষা করে তাঁরা সাবেক শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালিয়ে আসছিলেন।
আবেদন সূত্রে আরও জানা যায়, ২০১৮ সালে আয়োজিত এক গোলটেবিল বৈঠকের মাধ্যমে 'বঙ্গবন্ধু সেনা পরিষদ' নামে ১০১ সদস্যের একটি সংগঠন তৈরি করা হয়, যার সাথে দেশি-বিদেশি বিভিন্ন গোষ্ঠীর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। রোববার রাতে রাজধানীর পল্লবী ও বনানী ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এই দুই সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তার করে।
এআইএল/সকালবেলা