ভালুকায় শিক্ষকের ওপর হামলা ও অপহরণচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
মোঃ জাকির হোসাইন রাজু (ভালুকা): ময়মনসিংহের ভালুকায় সহকারী শিক্ষক মোস্তাক আহমেদ খানের ওপর বর্বরোচিত হামলা এবং তাঁর কিশোরী কন্যাকে অপহরণচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ২২ নম্বর নিশিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশিদা খাতুনের সভাপতিত্বে এবং শিক্ষক লিটনের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তারা স্থানীয় কিশোর গ্যাং ‘সাকিল ও রেদোয়ান বাহিনী’র বিভিন্ন দুর্ধর্ষ অপরাধমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। ক্ষুব্ধ বক্তারা অভিযোগ করেন, দুষ্কৃতকারীরা একজন শিক্ষকের ওপর শারীরিক নির্যাতন চালিয়েই ক্ষান্ত হয়নি, বরং পরিবারটিকে জিম্মি করে তাঁর নাবালিকা মেয়েকে জোরপূর্বক তুলে নেওয়ার অপচেষ্টা চালিয়েছে।
সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ শেষে দুপুর ১টার দিকে প্রতিবাদকারীরা পুনরায় একত্রিত হয়ে ভালুকা পৌরসভা ও উপজেলা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে দ্বিতীয় দফায় মানববন্ধন করেন।
কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন ডা. জালাল উদ্দীন, কবির হোসেন মণ্ডল, ইকবাল হোসেন বাচ্চু, মাসুদ মিয়া, আরমান খান, মোখছেদুল ইসলাম, জসিম উদ্দিন, আজহারুল ইসলাম, হাফেজ নুরুল আমিন, আবুল হোসেন খান ও রফিকুল ইসলামসহ বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা। বক্তারা বলেন, শিক্ষক সমাজের নিরাপত্তা বিঘ্নিত হলে সামাজিক আইনশৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। তাঁরা কিশোর অপরাধীদের পাশাপাশি তাদের ইন্ধনদাতাদেরও অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
এআইএল/সকালবেলা