সারা দেশে দুই দিন এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা
অনলাইন ডেস্ক: প্রশাসনের নানা ‘হয়রানির’ প্রতিবাদে সারা দেশের সব দোকানে টানা দুই দিন এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। ঘোষণা অনুযায়ী, আগামী বৃহস্পতি ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) দেশব্যাপী সব গ্যাসের দোকান সম্পূর্ণ বন্ধ থাকবে।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান এই সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ সম্মেলনে সেলিম খান বলেন, “গ্যাস সিলিন্ডারের নির্ধারিত দাম ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের অজুহাতে ব্যবসায়ীদের বারবার হয়রানির শিকার হতে হচ্ছে। প্রশাসনের এই হয়রানির প্রতিবাদেই মূলত টানা দুই দিন সারা দেশে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এ সময় তিনি ব্যবসায়ীদের যুক্তিসংগত দাবি-দাওয়া মেনে না নেওয়া হলে সামনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসিম ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, মাত্র পাঁচটি কোম্পানির হাতে পুরো এলপি সিলিন্ডার গ্যাসের বিপণন ব্যবস্থা জিম্মি হয়ে পড়েছে। তাদের সিন্ডিকেটের কারণেই বাজারে কৃত্রিম সংকট তৈরি করে এলপিজির দাম অযৌক্তিকভাবে বাড়ানো হচ্ছে।
এআইএল/সকালবেলা