বাড়িতে স্ত্রীর লাশ, মসজিদে আজান দিয়ে মারা গেলেন মোয়াজ্জিন স্বামী

প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ণ
বাড়িতে স্ত্রীর লাশ, মসজিদে আজান দিয়ে মারা গেলেন মোয়াজ্জিন স্বামী

স্টাফ রিপোর্টার: ঘরে পড়ে রয়েছে চিরবিদায় নেওয়া স্ত্রীর নিথর দেহ। সেই তীব্র শোক বুকে চেপে পাশের মসজিদে গিয়ে ফজরের আজান দিয়ে নামাজ আদায় করলেন স্বামী রোমান মোল্যা (৬০)। তবে নামাজ শেষ হতেই মসজিদের ভেতর অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনিও। মাত্র সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে এই দম্পতির এমন প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনাটি ঘটেছে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে। 

রোববার (১১ অক্টোবর) জোহরের নামাজের পর স্থানীয় মাদ্রাসা প্রাঙ্গণে স্বামী-স্ত্রীর জানাজা একসঙ্গে সম্পন্ন হয়েছে। তবে প্রবাসে থাকা ছেলে দেশে ফেরার অপেক্ষায় থাকায় সোমবার তাঁদের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মালিডাঙ্গা গ্রামের বাসিন্দা রোমান মোল্যার স্ত্রী গত সাত বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইজড) ছিলেন। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি। রোমান মোল্যা স্থানীয় মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদের নিয়মিত মোয়াজ্জিন ছিলেন। স্ত্রীর মৃত্যুর শোকের মধ্যেই তিনি ফজরের সময় মসজিদে গিয়ে যথারীতি আজান দেন এবং জামাতে নামাজ আদায় করেন। তবে নামাজ শেষ হতেই তিনি হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত মুসল্লিরা তাঁকে সেবা দেওয়ার চেষ্টা করলেও কয়েক মিনিটের মধ্যেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে দম্পতির এই হৃদয়বিদারক মৃত্যুতে পুরো গ্রামজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা খায়রুল বাশার জানান, এই দম্পতির সন্তান জসিম জীবিকার তাগিদে কুয়েতে থাকেন। মা-বাবার মৃত্যুর খবর পেয়ে তিনি দেশের উদ্দেশে রওনা হয়েছেন। সোমবার তিনি বাড়ি পৌঁছানোর পর পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন সম্পন্ন করা হবে।

এআইএল/সকালবেলা