লোহিত সাগরে হুতি হামলা ঠেকাতে আন্তর্জাতিক সামরিক জোটের উদ্যোগ সৌদির
অনলাইন ডেস্ক: ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং আন্তর্জাতিক সমুদ্রপথে অচলাবস্থা তৈরির চেষ্টার জবাবে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে এক বিশাল আন্তর্জাতিক সামরিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে সৌদি আরব।
সৌদি রাজপরিবার ও প্রতিরক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, প্রস্তাবিত নতুন এই আন্তর্জাতিক সামরিক জোটটির স্থায়ী সদর দপ্তর হতে যাচ্ছে সৌদি আরবের রাজধানী রিয়াদে। খুব দ্রুতই এর আনুষ্ঠানিক রূপরেখা প্রকাশ ও ঘোষণা আসতে পারে।
ইয়েমেন উপকূলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলসীমায় হুতিদের ধারাবাহিক আক্রমণের ফলে বৈশ্বিক জ্বালানি পরিবহন ব্যবস্থা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। কৌশলগত আন্তর্জাতিক রুট রক্ষা ও বৈশ্বিক জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতেই রিয়াদ এই তড়িঘড়ি প্রতিরক্ষা বলয় তৈরির কাজ শুরু করেছে।
সূত্রমতে, এই আন্তর্জাতিক জোটে সক্রিয় অংশগ্রহণের জন্য সৌদি আরব ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র, পাকিস্তান, মিশর, তুরস্ক, জিবুতি, সোমালিয়া ও সুদানসহ ইউরোপের বেশ কয়েকটি মিত্র দেশকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে। এর মধ্যে আঞ্চলিক অন্যতম পরাশক্তি মিশর ইতিমধ্যে এ জোটে যুক্ত হওয়ার বিষয়ে নীতিগত সম্মতি প্রকাশ করেছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী ঘিরে চলমান উত্তেজনায় পণ্য পরিবহন বাধাগ্রস্ত হওয়ার পর সৌদি আরব তাদের জ্বালানি তেল রপ্তানির সিংহভাগই লোহিত সাগরের উপকূলীয় ইয়ানবু বন্দরের মাধ্যমে পরিচালনা করছিল। তবে বর্তমানে লোহিত সাগরের প্রবেশমুখ বাব আল-মানদেব প্রণালীতে হুতিদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সংকট আরও গভীর করেছে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার কিছু সাম্প্রতিক প্রতিবেদন। যেখানে দাবি করা হয়েছে, বাব আল-মানদেব প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো থেকে বেআইনিভাবে টোল বা রাজস্ব আদায়ের পরিকল্পনা করছে হুতি বিদ্রোহীরা। আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী যেকোনো উন্মুক্ত কৌশলগত প্রণালীতে একক কোনো গোষ্ঠীর অর্থ আদায় সম্পূর্ণ অবৈধ ও জলদস্যুতার শামিল হলেও, এটি থেকে অর্থ উপার্জনের পরিকল্পনা করছে তারা।
এমতাবস্থায়, লোহিত সাগরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথকে হুতিদের নিয়ন্ত্রণ ও সামুদ্রিক বিপর্যয় থেকে মুক্ত রাখতে সবকটি প্রভাবশালী দেশকে নিয়ে এক ছাতার নিচে আসার এই মেগা সামরিক উদ্যোগ নিয়েছে রিয়াদ।
|