কমান্ডারদের বিরুদ্ধে ইসরায়েলি সেনাসদস্যদের বিদ্রোহ

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ণ
কমান্ডারদের বিরুদ্ধে ইসরায়েলি সেনাসদস্যদের বিদ্রোহ

সকালবেলা অনলাইন: ইসরায়েলি সেনাবাহিনীর গিভাতি ব্রিগেডের 'তজাবার' ব্যাটালিয়নের প্রায় ১০০ জন সেনা তাদের কমান্ডারদের ওপর ক্ষুব্ধ হয়ে বিদ্রোহ করেছে। একপর্যায়ে নিজেদের অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম ঘাঁটিতেই ফেলে রেখে নেগেভ মরুভূমির 'সদে তেইমান' সামরিক ঘাঁটি ত্যাগ করে চলে যায় তারা।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) ইসরায়েলি সংবাদমাধ্যম 'ওয়াইনেট'-এর বরাতে আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, ব্যাটালিয়ন কমান্ডার ব্যাটালিয়নের 'পুরোনো ও নতুন সেনাদলের প্রথাগত কিছু প্রতীক ও চিহ্ন' সরিয়ে ফেলার নির্দেশ দিলে সেনাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয় এবং এই নজিরবিহীন ঘটনার সূত্রপাত হয়।

ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়, ক্ষুব্ধ সেনাসদস্যদের দাবি—অপসারিত চিহ্নগুলো গাজা ও লেবাননে সেনা অভিযানের সময় তাদের সঙ্গে ছিল, যা পর্যায়ক্রমে নতুন সেনাদলের কাছে হস্তান্তরিত হয়ে আসছিল। এসব স্মারককে তারা ব্যাটালিয়নের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ এবং নিজেদের আবেগের প্রতীক বলে মনে করতেন।

ইসরায়েলি পত্রিকা 'মারিভ' এক সামরিক সূত্রের বরাতে জানায়, সেনা সদস্যদের এই গণছুটি ও বিদ্রোহের কারণে ব্যাটালিয়নটি গাজায় আসন্ন সামরিক অভিযানে অংশ নেওয়ার যোগ্যতা হারিয়েছে।

অন্যদিকে 'ইসরায়েল হায়োম' জানিয়েছে, ক্ষুব্ধ সেনাসদস্যরা তাদের বরাদ্দকৃত অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম ঘাঁটিতে রেখে কেবল ব্যক্তিগত ব্যাগ নিয়ে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

এআইএল/আমার দেশ

মন্তব্য করুন