বঙ্গোপসাগরে নিম্নচাপ উত্তাল সাগর, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ণ
বঙ্গোপসাগরে নিম্নচাপ উত্তাল সাগর, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

অনলাইন ডেস্ক: পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও শক্তিশালী ও ঘনীভূত হতে পারে। এটি পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ‘গভীর নিম্নচাপে’ পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। প্রতিকূল আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

বর্তমানে নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে।

আবহাওয়া অফিস উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে।

মন্তব্য করুন