গাজীপুরে নিষিদ্ধ আ: লীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে আটক ৭

প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ
গাজীপুরে নিষিদ্ধ আ: লীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে আটক ৭

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ব্যানারে মশাল মিছিলের আয়োজনের অভিযোগে সাতজনকে আটক করে পুলিশে সমর্পণ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার নয়নপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে কয়েকটি মশাল ও একটি ব্যানার জব্দ করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই এলাকায় কয়েকজন একত্রিত হয়ে ঝটিকা মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা দ্রুত সেখানে উপস্থিত হয়ে ধাওয়া দিয়ে সাতজনকে আটক করে। পরে তাঁদের শ্রীপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার জানান, মহাসড়কে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ বা নাশকতার চেষ্টা প্রতিহত করতেই নেতাকর্মীরা সেখানে গিয়ে তাঁদের আটক করে পুলিশে দেয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, মশাল মিছিলের প্রস্তুতির অভিযোগে সাতজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিদের পরিচয় ও ঘটনায় তাঁদের সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন