চট্টগ্রামে ছাত্রলীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো: নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল ও সরকারবিরোধী তৎপরতার অভিযোগে ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ও সোমবার নগরীর কোতোয়ালী ও বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার আব্দুর রশিদ জানান, কোতোয়ালি ও বায়েজিদ থানা পুলিশ অভিযান চালিয়ে মোট ৯ জন ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
কোতোয়ালী থানা পুলিশ জানায়, গত শুক্রবার নগরীর হোটেল রেডিসন ব্লুর সামনে ছাত্রলীগের মিছিলের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। ওই মামলায় এজাহারনামীয় ১০ জন ও অজ্ঞাত ২৫ জনকে আসামি করা হয়। সেখান থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে বায়েজিদ থানা পুলিশ জানায়, বায়েজিদ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাব্বিসহ ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ঝটিকা মিছিল ও সরকারবিরোধী বিভিন্ন অপতৎপরতায় সক্রিয় ছিল বলে পুলিশ জানিয়েছে।
এআইএল/সকালবেলা