জামায়াত আওয়ামী লীগের পথ ধরে হাঁটছে: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান

প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ
জামায়াত আওয়ামী লীগের পথ ধরে হাঁটছে: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খান মন্তব্য করেছেন যে, জামায়াতে ইসলামী রাজপথে নিজেদের শক্তিশালী বিরোধী দল হিসেবে তুলে ধরতে গিয়ে আওয়ামী লীগের অনুসৃত পথেই হাঁটছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খান লেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফরকে কেন্দ্র করে নিউইয়র্কে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টি করছে। অন্যদিকে দেশে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের অপচেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এই পরিস্থিতিতে আওয়ামী লীগকে প্রতিহত করার প্রশ্নে জামায়াত নীরব ভূমিকা পালন করছে।

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনে জামায়াতের সংসদ সদস্যদের দুর্বল ভূমিকার কারণে তারা জনগণের কাছে কার্যকর বিরোধী দল হিসেবে গ্রহণযোগ্যতা পায়নি। ফলে এনসিপি ও জামায়াত এখন রাজপথ গরম করে নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছে।

রাশেদ খান তাঁর পোস্টে প্রশ্ন তোলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান না নিয়ে নীরব থাকার পেছনে জামায়াতের ১৯৯৬ সালের 'পুরোনো প্রেম' কাজ করছে কি না। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, বিএনপি সরকারকে একযোগে আওয়ামী লীগের অপতৎপরতা ও জামায়াতের হঠকারী কৌশল সামলে দেশ পরিচালনা করতে হচ্ছে।


মন্তব্য করুন