হরমুজ প্রণালীতে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান
অনলাইন ডেস্ক: বিশ্বের অন্যতম কৌশলগত ও গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীর আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ (MQ-1 Predator) সামরিক ড্রোন সফলভাবে ভূপাতিত করার দাবি জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
সোমবার (২১ সেপ্টেম্বর) আইআরজিসির জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবির কথা জানানো হয়।
আইআরজিসির বিবৃতিতে উল্লেখ করা হয়, “ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হরমুজ প্রণালীর আকাশসীমায় অনুপ্রবেশ করা মার্কিন সামরিক বাহিনীর এই ড্রোনটি প্রথমে সুনির্দিষ্টভাবে শনাক্ত এবং পরবর্তীতে সরাসরি আঘাত হেনে ধ্বংস করা হয়।”
ইরানি সামরিক কর্মকর্তাদের দাবি, সম্প্রতি আঞ্চলিক বিভিন্ন সংঘাতময় পরিস্থিতিতে মার্কিন সামরিক বহরের অত্যাধুনিক ‘এমকিউ-৯ রিপার’ ড্রোনের বিপুল ক্ষতির পর পেন্টাগন পুনরায় তাদের পুরোনো ও সংরক্ষিত ‘এমকিউ-১’ প্ল্যাটফর্মের ড্রোন ব্যবহার শুরু করেছে।
তবে ইরানের এই ড্রোন ভূপাতিতের দাবির বিষয়ে পেন্টাগন কিংবা যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য বা নিশ্চিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে ঘটনাটি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি সরবরাহের বড় অংশ এই পথ দিয়ে হওয়ায় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে হরমুজ প্রণালী ঘিরে মার্কিন-ইরান সামরিক মুখোমুখি অবস্থান বাণিজ্যিকভাবে পণ্য ও জ্বালানিবাহী জাহাজ চলাচলের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।